নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বাংলা একাডেমির সহযোগিতায় দুটি সেমিনার অনুষ্ঠিত

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আজ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনে দুটি পৃথক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ সেমিনারদুটিতে সাহিত্য, ইতিহাস, রাজনীতি ও বাংলা কবিতার বিভিন্ন দিক নিয়ে তাৎপর্যপূর্ণ ও গবেষণাধর্মী আলোচনা অনুষ্ঠিত হয়।

সকাল ১০:৩০ মিনিটে অনুষ্ঠিত প্রথম সেমিনারের শিরোনাম ছিল ‘আবুল মনসুর আহমদ : সমকালীন ইতিহাস ও রাজনীতি’। ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের প্রভাষক সামিয়া রহমান। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আবির বিন কায়সার এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সাজেদুল ইসলাম। ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক কাব্য কৃত্তিকার সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারপার্সন ও ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন।

অপরদিকে, বিকেল ২:৩০ মিনিটে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিনারের শিরোনাম ছিল ‘আধুনিক বাংলা কবিতায় আবিদ আজাদের স্বর ও স্বাতন্ত্র্য’। সাধারণ শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন। সেমিনারের মুখ্য আলোচক ছিলেন বাংলা বিভাগের প্রভাষক মাহফুজা মাহবুব। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ইংরেজি বিভাগের প্রভাষক নীলান্তি নওশীন এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক কাব্য কৃত্তিকা। সাধারণ শিক্ষা বিভাগের প্রভাষক (গণিত) জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সাধারণ শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ সাজেদুল ইসলাম।

প্রথম সেমিনারে আবুল মনসুর আহমদের রাজনৈতিক চিন্তার সমকালীন প্রাসঙ্গিকতা গুরুত্বসহকারে আলোচিত হয়; একই সঙ্গে তাঁর রচনাসম্ভারকে ইতিহাস ও সমাজচেতনার নিরিখে নতুনভাবে অনুধাবনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। দ্বিতীয় সেমিনারে আধুনিক বাংলা কবিতায় আবিদ আজাদের কাব্যভাষা, নন্দনচেতনা ও স্বতন্ত্র কাব্যস্বর নিয়ে গভীর ও বিশ্লেষণধর্মী পর্যালোচনা উপস্থাপিত হয়। উভয় সেমিনারেই গবেষণা, পাঠচর্চা ও বৌদ্ধিক বিনিময়ের ক্ষেত্রে এ ধরনের একাডেমিক আয়োজনের অপরিহার্যতা ও তাৎপর্য বিশেষভাবে গুরুত্ব পায়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বাংলা একাডেমি ও নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের এ ধরনের যৌথ উদ্যোগ উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং সাহিত্য-সংস্কৃতিচর্চায় নতুন মাত্রা যোগ করবে।

ড. সাদ্দাম হুসাইন
টিচার ইন চার্জ (জনসংযোগ দপ্তর) ও
সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়

Copyright © Netrokona University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: ICT Cell