আলো, জ্ঞান ও মানবতার পথে—নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে নবীনদের প্রবেশিকা উৎসব
- Oct 22, 2025
- 120
আজ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের স্পোর্টস সেন্টারে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে (সপ্তম ব্যাচ) নবভর্তিকৃত শিক্ষার্থীদের প্রাণবন্ত ‘প্রবেশিকা অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন হয় সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এ সময় উপস্থিত সকলে সম্মান ও গর্বের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়—পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন রিসালাত মিয়া, পবিত্র গীতা থেকে পাঠ করেন সুপ্ত দাস এবং পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন অমিত বড়ুয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন। তিনি তাঁর বক্তবে বলেন : ‘নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে তোমাদের আগমন কেবল একটি নতুন অধ্যায় নয়, বরং এটি এক নতুন সূর্যোদয়—যেখান থেকে তোমাদের স্বপ্ন, জ্ঞান আর দায়িত্ববোধের যাত্রা শুরু হবে।’
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন বাংলা বিভাগের সান্ত্বনা আক্তার ও অর্থনীতি বিভাগের মারজানা আক্তার। প্রবীণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিএসই বিভাগের মো. রাজীব মিয়া এবং ইংরেজি বিভাগের হৃত্বিক বড়ুয়া রিম।
এরপর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ সাজেদুল ইসলাম, সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব শিহাব উদ্দীন সুমন এবং অনুষ্ঠানের আহ্বায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোহাম্মদ এমদাদুল হক। চার বিভাগের চেয়ারম্যানবৃন্দও বক্তব্য রাখেন—কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল সিয়াম,
বাংলা বিভাগের চেয়ারম্যান জনাব মো. আব্দুল হালিম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম। তাঁরা শিক্ষার্থীদের সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রযুক্তি, সাহিত্য, মানববিদ্যা ও সমাজবিজ্ঞানের সমন্বিত চর্চার মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার কথাও তাঁদের বক্তব্যে উঠে আসে। পাশাপাশি তাঁরা জ্ঞানচর্চার সঙ্গে নৈতিকতা ও দেশপ্রেমের চেতনাকে অন্তরে ধারণ করার পরামর্শ দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার্থীদের প্রতি করণীয় তুলে ধরেন।
এরপর সম্মানিত অতিথিবৃন্দ তাঁদের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। প্রথমে বক্তব্য প্রদান করেন অধ্যাপক মো. জামাল উদ্দিন (পরিবেশ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি অর্জনের জায়গা নয়, এটি মানুষ হওয়ার পাঠশালা। এখানে তোমাদের প্রতিটি দিন হবে শেখা, প্রশ্ন করা এবং নিজের ভেতরের আলো আবিষ্কারের দিন।’ অধ্যাপক ড. শামীমা সুলতানা (পরিচালক, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) বলেন, ‘তোমরা যেভাবে জ্ঞানের পথে এগিয়ে যাবে, সেভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে—তোমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি উদ্যোগ এই দেশের ভবিষ্যৎ নির্মাণের ইট।’ অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার (ডিন, জীববিজ্ঞান অনুষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) তাঁর বক্তব্যে বলেন, ‘জ্ঞানের সঙ্গে নৈতিকতার সংযোগেই গড়ে ওঠে প্রকৃত মানুষ। তাই তোমাদের প্রতিটি কাজ হোক দায়িত্ব, সততা ও সহমর্মিতার প্রতিফলন।’ অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া (ভাইস-চ্যান্সেলর, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়) তাঁর বক্তব্যে নতুন বিশ্ববিদ্যালয়সমূহের নানান সংকট তুলেন ধরেন। বলেন, ‘আমি মনে করি নেত্রকোণা বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে বিশ বছর এগিয়ে, কারণ এই বিশ্ববিদ্যালয় পাঁচশ একর ভূমি অধিগ্রহণ করতে সক্ষম হয়েছে, যেটা আমরা এখনও পারিনি।’ তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আজকের এই প্রবেশিকা কেবল বিশ্ববিদ্যালয়ের দরজায় প্রবেশ নয়—এটি জ্ঞান, সৃজনশীলতা ও মানবতার দরজায় প্রবেশ।’ বক্তব্য শেষে অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ও নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। তাঁর সভাপতির বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন—‘নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার কেন্দ্র নয়, এটি মানবিক মূল্যবোধ ও জ্ঞানচর্চার এক উজ্জ্বল ক্ষেত্র। নবীন শিক্ষার্থীদের মাধ্যমে এই আলোকিত ধারা আরও প্রসারিত হবে।’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক জনাব ছহীহ্ শাফি এবং অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব সামিয়া জাহান।
দিনব্যাপী আয়োজনের প্রথম পর্ব শেষে বিকাল ৫টায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষাংশে জনপ্রিয় ব্যান্ড দল ‘ফ্লাশ ব্যাক’-এর পরিবেশনা নবীনদের প্রাণে সংগীতের উচ্ছ্বাস জাগিয়ে অনুষ্ঠানকে আরও বর্ণিল করে তোলে।
ড. সাদ্দাম হুসাইন
টিচার ইন চার্জ (জনসংযোগ দপ্তর) ও
প্রভাষক, বাংলা বিভাগ
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়
