নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান
- Jul 28, 2026
- 25
মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর)-এর অধ্যাপক প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে স্মারক নং: ৩৭.০০.০০০০.০৭৯.১১.২৫১.১৮-৪২১; তারিখ : ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ/২৭ জুলাই ২০২৬ খ্রি. জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ নিয়োগ প্রদান করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার (৪) বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। এ-সময় তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী প্রাপ্য অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য যে-কোনো সময় এ-নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর)-এর একজন বিশিষ্ট শিক্ষাবিদ। দীর্ঘ শিক্ষকতা, গবেষণা এবং শিক্ষা প্রশাসনে তাঁর সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার বিকাশ, শিক্ষা-উদ্ভাবন এবং একাডেমিক নেতৃত্বে তাঁর গুরুত্বপূর্ণ অবদান তাঁকে দেশের উচ্চশিক্ষা অঙ্গনে একজন সুপরিচিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক নেতৃত্বের নতুন অধ্যায়ের সূচনা হলো। বিশ্ববিদ্যালয় পরিবারের প্রত্যাশা, তাঁর প্রজ্ঞাপূর্ণ, দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতাভিত্তিক একাডেমিক পরিবেশ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, গবেষণার পরিধি, জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা নতুন উচ্চতায় উন্নীত হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকল অংশিজন নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁর সফল নেতৃত্বে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং একটি আধুনিক, গবেষণামুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
ড. সাদ্দাম হুসাইন
টিচার ইন চার্জ (জনসংযোগ দপ্তর) ও সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়
