পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Sep 07, 2025
87
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে পালন করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষ্যে বিকাল ৩টায় আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
‘ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনদর্শন’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক আলোচনা করেন মাওলানা আমীর ইবনে আহমেদ, পরিচালক, সিরাত কেন্দ্র, ময়মনসিংহ। তাঁর আলোচনায় উঠে আসে যে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ন্যায়, দয়া, মানবিকতা ও সমাজ সংস্কারের শিক্ষা একটি ন্যায়ভিত্তিক ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠার অনিবার্য দিকনির্দেশনা। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় এই সত্যে যে, মহানবীর আদর্শ অনুসরণ করলে ব্যক্তিজীবন যেমন কল্যাণমুখী হয়, তেমনি জাতির সামগ্রিক উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথও সুগম হয়।
সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। তাঁর বক্তব্যে প্রতিফলিত হয়—মানবকল্যাণ, সত্য ও ন্যায়ের শিক্ষা মহানবীর জীবনাদর্শের মূল সুর, যা সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারে।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন। তিনি নবীর জীবনদর্শনে নারী-পুরুষের সমঅধিকার, নৈতিকতা ও সামাজিক ন্যায়বিচারের শিক্ষা বিশেষভাবে উপস্থাপন করেন এবং সমসাময়িক সমাজে এর প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ। ধন্যবাদ জ্ঞাপন করেন সিরাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, অর্থনীতি বিভাগ।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ আধ্যাত্মিক আবেশে ভরে ওঠে।
ড. সাদ্দাম হুসাইন
টিচার ইন চার্জ (জনসংযোগ দপ্তর) ও
প্রভাষক, বাংলা বিভাগ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়