নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ পালন

ভাষা-আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের প্রথম সুসংহত স্ফুরণ এবং বাঙালির আত্ম-আবিষ্কারের সূচনালগ্ন। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির আত্মত্যাগ কেবল রাষ্ট্রভাষার দাবি প্রতিষ্ঠার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং তা ভাষাগত ও সাংস্কৃতিক স্বাধিকারের প্রশ্নকে অতিক্রম করে অর্থনৈতিক মুক্তি ও গণঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পরিণত হয়েছিল। আপাতদৃষ্টিতে শিক্ষিত মধ্যবিত্তের আন্দোলন মনে হলেও ভাষা-আন্দোলন সারাবাংলার গণমানুষের ক্ষোভ ও প্রতিবাদের জ্বালামুখে রূপ নিয়েছিল। একুশ তাই বাঙালির আত্মজাগরণ, স্বাধিকারের স্বপ্নবপন এবং শোষণের বিরুদ্ধে সম্মিলিত উচ্চারণের প্রতীক—এক অনির্বাণ অগ্নিশিখা, যা দেশের সকল প্রগতিশীল আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে যুক্ত।
এই ঐতিহাসিক চেতনা ধারণ করেই রাত ১২টা এক মিনিটে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে স্থাপিত প্রতীকী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিমের পক্ষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাষা-আন্দোলনে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরবর্তীতে বাংলা, ইংরেজি, অর্থনীতি, সিএসই, ইইই ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ পৃথকভাবে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পাশাপাশি অস্থায়ী দুটি হল এবং নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকেও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

পুষ্পার্পণ শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মহান একুশকে কেন্দ্র করে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়, যা পুরো আয়োজনকে আবেগঘন ও অনুপ্রেরণামূলক করে তোলে।
সকাল আটটায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ভাষা-আন্দোলন এবং একুশে নিহত শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম এবং ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন ঢাকাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এভাবেই গভীর শ্রদ্ধা, ঐতিহাসিক চেতনা ও সাংস্কৃতিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় বাঙালির আত্মপরিচয়ের অনির্বাণ অগ্নিশিখা ‘একুশ’ তথা ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’।

ড. সাদ্দাম হুসাইন
টিচার ইন চার্জ (জনসংযোগ দপ্তর) ও
সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়

Copyright © Netrokona University, Netrokona. All rights reserved. Developed and Maintained by: ICT Cell